ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা: সহপাঠীর সামনেই ঝরে গেল রিয়াদের প্রাণ
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে রিয়াদ হোসেন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে পাটুরিয়া আরসিএল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে রোমান (১৬) নামে আরও এক শিক্ষার্থী।
নিহত রিয়াদ শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের রেজাউল করিমের ছেলে এবং স্থানীয় অক্সফোর্ড একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত রোমান তেওতা একাডেমির একই শ্রেণির ছাত্র।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রিয়াদসহ চারজন মোটরসাইকেলে পাটুরিয়া থেকে উথলীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সেলফি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে রিয়াদ ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত রোমানকে স্থানীয় মুনু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও সেলফি পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
