• October 26, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে ভুয়া আইনজীবী আটক

মানিকগঞ্জে আবারও আলোচনায় প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা! হত্যা মামলার আসামিকে জামিন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে স্থানীয় আইনজীবীরা।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে মানিকগঞ্জ আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য ও ভুক্তভোগীর স্বজনরা মিলে ওই ভুয়া আইনজীবীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃত ব্যক্তির নাম স্বপন মিয়া (পিতা: নাজিমুদ্দিন), তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীর হাটাইল গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরনে জানা গেছে, হত্যা মামলায় গ্রেফতার হওয়া এক আসামির জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে স্বপন মিয়া নেন এক লাখ সাত হাজার টাকা। পরে হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরি করে দাবি করেন আসামির জামিন হয়ে গেছে, এবং আবারও দাবি করেন আরও ২৫ হাজার টাকা। সন্দেহজনক আচরণের কারণে বিষয়টি প্রকাশ পেলে আইনজীবী সমিতির সহায়তায় তাকে আটক করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, “ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় আদালত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং অনেকে দাবি করেন—আইন পেশার মর্যাদা রক্ষায় এমন ভুয়া আইনজীবীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

  • October 11, 2025
  • 0 Comments
শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও বিক্রি, আটক ৩

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার ও বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর নেতৃত্বে পদ্মা-যমুনা নদী ও আশপাশের বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সহায়তা করে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও শিবালয় থানা পুলিশ।
নালী গ্রাম এলাকা থেকে অবৈধভাবে ইলিশ শিকারের সময় আটক করা হয়, সিরাজুল (৩৬), স্বপন হালদার (৪৪) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একইদিন উপজেলার টেপড়া বাজার থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করার দায়ে ব্যবসায়ী সাদ্দাম (৩৩) কে আটক করা হয়।
তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে ইলিশ শিকারে ব্যবহৃত প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ১২ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন,“ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ রক্ষা করা ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী। তাদের মতে, এই ধরনের অভিযান আরও জোরদার হলে মা ইলিশ সংরক্ষণ সহজ হবে এবং মাছের প্রজনন বেড়ে উঠবে।

  • October 8, 2025
  • 0 Comments
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার আটকের আগ মুহূর্তে তিনি ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তার শেষ ভিডিওবার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনসায়েন্স-এ ইসরায়েলি আক্রমণের লাইভও করেন তিনি।
শহিদুল আলম ভিডিওবার্তায় বলেন, ‘আমি শহিদুল আলম বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।’
এর আগে ফ্রিডম ফ্লোটিলার বরাতে আলজাজিরা জানায়, ইসরায়েলি সেনাবাহিনী তাদের নৌকার কনভয়ে আক্রমণ করেছে। গাজার দিকে যাত্রা করার সময় এ বহরে থাকা বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে দখলদাররা।
ফ্লোটিলা জানিয়েছে, সামরিক বাহিনী দ্য কনশেনস নামের একটি নৌকায় হামলা করে। এটি শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, ডাক্তার এবং কর্মী বহন করছিল। এ জাহাজের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাও আক্রমণ করে ইসরায়েলিরা।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-বার্তায় ফ্লোটিলায় অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, আইনি নৌ অবরোধ লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাহাজ এবং যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। যাত্রীদের দ্রুত তাদের দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।
শহিদুল আলমের জাহাজটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের একটি জাহাজ। আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসাকর্মীবাহী এই জাহাজ ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গাজা অভিমুখে রওনা হয়েছিল।

  • September 15, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, জনতার হাতে ধরা পাঁচ বখাটে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পাঁচ বখাটেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা আবুলের বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দশম শ্রেণির এক স্কুলছাত্রী বান্ধবীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে ইমরান, আশিক, শিপন, ইয়াছিন ও ফরিদ নামের পাঁচ যুবক তার গতিরোধ করে। একপর্যায়ে তারা ওড়না টান দিয়ে ছাত্রীটিকে মাটিতে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করে।

ভুক্তভোগী ছাত্রী ও তার বান্ধবী চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পাঁচ বখাটেকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের শিবালয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকরা হলেন-তেওতা ইউনিয়নের সাতুরিয়া গ্রামের পান্নু শেখের ছেলে ইমরান শেখ (২৩), একই এলাকার আলী চাঁনের ছেলে আশিক খাঁ (২৪), চরধুবলীয়া গ্রামের মৃত বিষা খাঁর ছেলে শিপন খাঁ (২৪),
পয়লা গ্রামের তোতা শেখের ছেলে ইয়াছিন শেখ (২২), ভাঙ্গাবাড়ি এলাকার মৃত আজাহার আলীর ছেলে ফরিদ শেখ (২০)।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শিবালয় থানায় একটি মামলা দায়ের করেছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ইভটিজিংয়ের দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।”

  • September 11, 2025
  • 0 Comments
জাকসু নির্বাচন : রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।

হাফিজুর রহমান সোহান কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭) শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে। শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েছি।

আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, না আমি কোনো অনুমতি নেইনি।

এদিকে, আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছে। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • September 2, 2025
  • 0 Comments
সিংগাইরে ভেজাল সারকাণ্ডে অভিযান: ১২ বস্তা টিএসপি জব্দ, আটক ২

মানিকগঞ্জের সিংগাইরে কৃষকদের সাথে প্রতারণা করে ভেজাল সার বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ বাজারে মুন্নু এন্টারপ্রাইজে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

আটককৃতরা হলেন, দোকানের পরিচালক আব্দুল মান্নান খানের ছেলে মো. বিশাল খান এবং হেমায়েতপুরের অটোচালক মো. মামুনুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর থেকে একটি অটোবাইকে সার আনতে দেখে উপসহকারী কৃষি কর্মকর্তার সন্দেহ হয়। পরে সার পরীক্ষা করে তা ভেজাল প্রমাণিত হলে দুইজনকে আটক করা হয়। এসময় মুন্নু এন্টারপ্রাইজ থেকে ১২ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করে প্রশাসন। দীর্ঘদিন ধরেই দোকানটির মাধ্যমে কৃষকদের কাছে ভেজাল সার সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, “কৃষকদের ক্ষতি ও ফসল নষ্টের আশঙ্কা রোধে এ ধরনের ভেজাল সার কারসাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।”

এ ঘটনায় কৃষক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

  • September 2, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে গাঁজাসহ বিএনপি নেতা আটক

মানিকগঞ্জে গাঁজাসহ এক বিএনপি নেতাকে আটক করে মোবাইল কোর্টে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে সোহাগ শিকদারকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সোহাগ শিকদার (৩৫)। তিনি সদর উপজেলার বুরুন্ডী গ্রামের মৃত তাইজুদ্দিন শিকদারের ছেলে এবং হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক। একইসঙ্গে তিনি স্থানীয় বরুন্ডী প্রগতি সংঘের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব জানান, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে সোহাগ শিকদারকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন মোবাইল কোর্ট পরিচালনা করে সোহাগ শিকদারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তাকে ইতোমধ্যে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপপরিদর্শক সজীব বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • September 1, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ আদালত চত্বর থেকে মোটরসাইকেল চুরির সময় যুবক হাতেনাতে আটক

মানিকগঞ্জ আদালত চত্বরে ঘটল অভিনব চুরির চেষ্টা। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়লেন এক যুবক। পরে জনতার ধাওয়া খেয়ে ধরা পড়া ওই যুবককে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক যুবকের নাম মো. মুন্না ফরাজী (২৫)। তিনি শিবালয় উপজেলার ছোট ধুতরাবাড়ী এলাকার মৃত মোতাহার ফরাজীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালত চত্বর থেকে মোটরসাইকেল চুরি করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল মুন্না। ঠিক সেই সময় আশপাশে উপস্থিত লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া দেন। কয়েক মুহূর্তের মধ্যে তাকে ধরে ফেলে উত্তেজিত জনতা। পরে স্থানীয়রা শান্তভাবে তাকে পুলিশের হাতে তুলে দেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন,“মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক মুন্না ফরাজীকে আটক করেছে স্থানীয়রা। তাকে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

স্থানীয়রা জানান, আদালত চত্বরে দিনে-দুপুরে এ ধরনের চুরি নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্ন তুলেছে। তবে জনতার তাৎক্ষণিক পদক্ষেপে চোর পালাতে পারেনি।

  • August 28, 2025
  • 0 Comments
দৌলতপুরে ইয়াবা বিরোধী অভিযানে ডিবির জালে দুই মাদক ব্যবসায়ী

মানিকগঞ্জের দৌলতপুরে ইয়াবা বিরোধী বিশেষ অভিযানে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে দুই মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃতরা হলো–মো. সজিব হোসেন (২০), দৌলতপুর হাজীপাড়া এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে।
মো. ওবায়দুল কাদের (৩০), টাঙ্গাইলের নাগরপুর থানার বাগকাটারী এলাকার ইব্রাহিম প্রামানিকের ছেলে।

গতকাল বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের গেট সংলগ্ন শ্রী নারায়ণ চৌধুরীর ফার্নিচারের দোকানের উত্তর পাশের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। স্থানীয়ভাবে ইয়াবা বিক্রির মাধ্যমে তরুণ সমাজকে বিপথগামী করার চেষ্টা চালাচ্ছিল তারা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • August 27, 2025
  • 0 Comments
সিংগাইরে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বুলেট আটক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় র‌্যাব-৪ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে পৌরসভার গোবিন্দল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম বুলেট, সে গোবিন্দল এলাকার তোতা মিয়ার ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলেটের কাছ থেকে ১৪ কেজি গাঁজা (সিদ্ধি) উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

র‌্যাব-৪ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটক বুলেটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

অন্যান্য