• October 15, 2025
  • 0 Comments
মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে যুবদল নেতা গুরুতর আহত

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বহলাতলী বাজারে।

অভিযোগে জানা যায়, হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য বাকেরুল ইসলাম বাকের ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে মাসুম শিকদারের ওপর হামলা চালায়।

আহত মাসুম শিকদার জানান, বাজারে যাওয়ার পরপরই শাহিন মৃধার অনুসারীরা অতর্কিতভাবে হামলা চালায়। বাকের, আলভীসহ ১০–১৫ জন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এমনকি হামলাকারীরা চাপাতিও ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, এ হামলার নেপথ্যে রয়েছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধার নেতৃত্বাধীন একটি প্রভাবশালী গ্রুপ।

তবে শাহিন মৃধা অভিযোগ অস্বীকার করে জানান, “মাসুম শিকদার নিজেই সাবেক জেলা নেতাদের অনুসারীদের নিয়ে বাজারে আসেন এবং মোটরসাইকেলের বহরসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। আমরা কেবল আত্মরক্ষামূলক ভূমিকা পালন করেছি। বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা বলেন, “বাজার এলাকায় মারামারির খবর শুনেছি। তবে কারা কারা জড়িত তা এখনও নিশ্চিত নই।”

এদিকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পলাশ চন্দ্র সূত্রধর জানান, আহত মাসুম শিকদারের পিঠ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত রয়েছে এবং মুখমণ্ডল ফুলে গেছে।

হরিরামপুর থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যান্য