• February 28, 2026
  • 0 Comments
মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে কাতারের আকাশসীমা বন্ধ। সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস।

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় সব ফ্লাইট স্থগিতেন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সব ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে ফ্লাইট বাতিল করে এই এয়ারলাইনস।

আজ শনিবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল। দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানও পাল্টা হামলা শুরু কয়েছে ইসরায়েলে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • February 22, 2026
  • 0 Comments
থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী:বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।

কবে নাগাদ চালু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, কবে চালু হবে এটা তো বলা যাবে না। এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। তবে নির্দ্দিষ্ট কোনো সময় দেওয়া যাবে না।

এক সাংবাদিক জানতে চান, ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে, তারপরও চালু করা কেন সম্ভব হলো না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন চালু হচ্ছে না, সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।

  • February 22, 2026
  • 0 Comments
জামায়াতের সঙ্গে এনসিপি রাজনৈতিক জোট গড়ার পথে

তরুণ-নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের নির্বাচনী জোটকে রাজনৈতিক জোটে রূপ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। দলীয় শীর্ষ পর্যায় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, ভেতরের সূত্রগুলো বলছে, সংসদ ও সংসদের বাইরে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে দুই দল একসঙ্গে কাজ করতে পারে।

দলের নেতারা মনে করছেন, এই পদক্ষেপ তাদের শক্তিশালী বিরোধী রাজনৈতিক শক্তি গড়ে তুলতে সহায়ক হবে এবং জুলাই সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবিধানিক সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে ভূমিকা রাখবে। জুলাই আন্দোলনের নেতৃত্ব পর্যায়ের নেতাদের নিয়ে গঠিত এনসিপি সাম্প্রতিক নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সঙ্গে অংশ নিয়েছিল এবং ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনেও একই জোটে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

দলের এক নেতা জানান, সংসদে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিরোধী দলের প্রধান হুইপ নির্বাচিত হওয়া দুই দলের মধ্যে আনুষ্ঠানিক রাজনৈতিক জোটের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

এনসিপির নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সচিব মনিরা শারমিন বলেন, জোটের মূল লক্ষ্য সংস্কার কার্যক্রমকে গুরুত্ব দিয়ে নির্বাচনকেন্দ্রিক রাজনীতিতে সমন্বিতভাবে কাজ করা। তিনি বলেন, সংস্কার ও নির্বাচন-সংক্রান্ত বাস্তবতা বিবেচনায় জোট ভবিষ্যত কার্যক্রম নির্ধারণ করবে।

আরেক নেতা জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সমর্থন নেওয়ার চেষ্টা করবে এনসিপি। দলটি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নিজেদের প্রার্থী দেওয়ার পরিকল্পনাও করছে।

এদিকে, স্থানীয় সরকার বিভাগ তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে। কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে এবং ঈদুল ফিতরের পর নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এনসিপির সদস্য-সচিব আখতার হোসেন বলেন, নির্বাচনকেন্দ্রিক জোটের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তিনি জানান, জোট রাজনীতি বাংলাদেশে স্বাভাবিক এবং দেশের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, এনসিপি নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী সংগঠন বিস্তারের কাজ চালিয়ে যাবে এবং দেশের বিভিন্ন স্থানে তাদের প্রতীক প্রচার অব্যাহত রাখবে।

গত বছরের অক্টোবরে দলটি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বললেও পরে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। দলীয় নেতারা এটিকে আদর্শিক নয়, বরং নির্বাচনী সমঝোতা হিসেবে বর্ণনা করেছেন। জোটে যোগ দেওয়ার পর কিছু নেতা-কর্মী দল ছেড়েছেন, তবে নেতৃত্বের আশা, ভবিষ্যতে সংগঠন আরও বিস্তৃত হবে।

  • February 19, 2026
  • 0 Comments
দৌলতপুরে মোবাইল কোর্টের বাজার মনিটরিং: ১৪ দোকানে জরিমানা

দৌলতপুর উপজেলা-এর দৌলতপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং সঠিক ওজনে পণ্য সরবরাহের বিষয়টি খতিয়ে দেখা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় ১৪টি পৃথক মামলায় মোট ৩৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য বিক্রেতাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম বলেন, “জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলবে। ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন সবসময় তৎপর থাকবে।”

  • February 19, 2026
  • 0 Comments
দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ২ লাখ টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড

দৌলতপুর ( মানিকগঞ্জ) :

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা ও ১ জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আহসানুল আলম।

জানাগেছে -১৮ ইং ফেব্রুয়ারি বুধবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে বাঘুটিয়া ইউনিয়ন সংলঘ্ন যমুনা নদীর তীরে অননুমোদিত ড্রেজার কর্তৃক বালু উত্তোলনের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ঘটনাস্থলে পৌছালে দেখা যায়, মোবাইল কোর্টের নৌকা দেখে ০২ টি ড্রেজার ও কয়েকটি ভলগেট উক্ত স্থান হতে পলায়ন করেছেন এবং অভিযানের মাধ্যমে ০১ টি ভলগেট বালুসহ আটক করা হয়।
উক্ত ভলগেট ম্যানেজার মোঃ শরীফ ইসলাম (২৩) কে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তার অপরাধ স্বীকার করায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৪ (ছ) ১৫(১) ধারায় ২লক্ষ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন -জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  • February 19, 2026
  • 0 Comments
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক (২০) নামে এক যুবক মারা গেছেন। একই ঘটনায় আহত হয়েছেন আলামিন (৩২)। তাকে বর্তমানে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার সময় বরংগাইল–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম গ্রামের মওলা মিয়ার ছেলে আশিক এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে আলামিন মোটরসাইকেলে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে আশিক ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন।

ঘিওর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • February 18, 2026
  • 0 Comments
দৌলতপুরে মাদক সেবনকারীর ১ বছর কারাদণ্ড ও মালামাল উদ্ধার

দৌলতপুর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে আটকের পর ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মোঃ আহসান আলম। এসময় ঘটনাস্থল থেকে নেশা দ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানাগেছে -অভিযোগের প্রেক্ষিতে ১৮ ইং ফেব্রুয়ারি বুধবার সকালে ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ী পিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নজরুল ইসলামের (৩৯) পিতা আবুল বাসার এর অভিযোগের প্রেক্ষিতে উক্ত এলাকায় গিয়ে দেখা যায়, তার পুত্র নজরুল ইসলাম(৩৯) নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে ও ভাঙ্গচুর করে শান্তি বিনষ্ট করায় তাকে গ্রেফতার করা হয়।

এ সময় অভিযুক্ত ব্যাক্তির কাছে নেশার সরঞ্জাম (কলকি, সিরিঞ্জ ও খালি ঔষধের বোতল) পাওয়া যায় এবং অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে সে স্বীকার করে যে সে নেশাগ্রস্ত এবং ভুল করছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ব্যাক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ ও ৫ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আহসানুল আলম বলেন -জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  • February 18, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী শহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা এলাকায় মো. রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আইনজীবী শহিদুল ইসলাম (৩৬) শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনা বাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন । এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • February 17, 2026
  • 0 Comments
শিবালয়ে ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পৃথক অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) মহাদেবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার সাহিলী গ্রামের আলী হোসেনের ছেলে মো. আব্দুল আলিম (২৯)। তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া, মহাদেবপুর গ্রামের আব্দুল কুদ্দুস খাঁর মেয়ে রুবি (৫৫) এবং একই গ্রামের রিপন মিয়ার ছেলে মো. শিমুল মিয়া (২১)-এর কাছ থেকে আরও ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাহিলী ও বেপারীপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৩৭৫ পিস। আটকের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী দেশ রূপান্তরকে জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জামাল হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • February 17, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডে দুই ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা :

মানিকগঞ্জ সদর উপজেলার নালড়া এলাকায় মানিক মিয়ার পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি মুরগি পালনের ঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার বেতলা-মিতরা ইউনিয়নের নালড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ ফার্মের মালিক মোঃ মানিক মিয়া জানান, তার “নালড়া অবস্থিত পোল্ট্রি ফার্ম”-এ হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুতই দুটি মুরগি পালনের সেট আগুনে পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একটি রাজনৈতিক দলের কর্মী। তবে এ ঘটনার সঙ্গে কোনো নাশকতার যোগসূত্র আছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন,১২ ফেব্রুয়ারি তার ফার্মের সমস্ত মুরগি বিক্রি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপে আশপাশের অন্যান্য স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অন্যান্য