• January 21, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

মানিকগঞ্জে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার একটি বাসাবাড়িতে ঝটিকা অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে জরিমানার শিকার প্রতিষ্ঠানটির নাম খান ট্রেডার্স।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, জনবসতিপূর্ণ এলাকায় একটি বাসাবাড়িতে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, কোনো ধরনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখা হয়েছে। পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন,
“বাসাবাড়িতে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অভিযান চলাকালে আনসার ব্যাটালিয়নের একটি দল ও বাজার তদারকি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জননিরাপত্তা ও বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

  • January 21, 2026
  • 0 Comments
ভোটের মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, কোন বাহিনীর কত

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখেরও বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে সেনাবাহিনীর এক লাখেরও বেশি সদস্য থাকবেন।

এছাড়া নৌবাহিনীর ৫ হাজারের বেশি সদস্য, বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ জন, পুলিশের দেড় লক্ষাধিক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৮ হাজার, বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫০০, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) প্রায় ৮ হাজার এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩ হাজার ৩৯০ জন সদস্য ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ১৫ হাজার সদস্যকেও নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব দেওয়া হতে পারে। এবারই প্রথম ভোটের মাঠে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেন তারা দ্রুত যে কোনো ঘটনাস্থলে ছুটে যেতে পারেন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোট সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা হয়। ওই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

  • January 19, 2026
  • 0 Comments
মানিকগঞ্জের সিংগাইরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গনপিটুনিতে ২ চোর নিহত

মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গনপিটুনিতে দুই চোরের মৃত্যু হয়েছে। রবিবার(১৮ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,পার্শ্ববর্তী দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭) এবং ছয়ানি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২২)
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,চোরেরা রাত দুপুরে ইমামনগর গ্রামের ইউনুছ মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে পাঁচজনের একটি চোর চক্র। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পাঁচজন চোরের মধ্যে দুজনকে ধরে গণধোলাই দেয়। পরে
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের অবস্থার অবনতি দেখে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, ধরা পড়ার পর নিহত দুই চোর তাদের সঙ্গে থাকা আরও তিনজন সহযোগীর নাম প্রকাশ করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা দুজনই পুলিশের তালিকাভুক্ত চোর ছিলেন।
এলাকাবাসীর দাবি, গত তিন বছর ধরে এই চক্র এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে। এর আগেও কয়েকবার তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল।
ঘটনার খবর পেয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,নিহতদের মরদেহ বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

  • January 18, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে বেশি দামেও মিলছে না এলপি গ্যাস, দিশেহারা সাধারণ মানুষ

ডেস্ক রিপোর্ট | মানিকগঞ্জ :

মানিকগঞ্জ জেলায় বোতলজাত এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় জেলার বিভিন্ন এলাকা থেকে গ্যাসের সিলিন্ডার কার্যত উধাও হয়ে গেছে। কোথাও সীমিত পরিমাণে পাওয়া গেলেও তা নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সদর উপজেলা ও পৌরসভা এলাকা ছাড়াও সাটুরিয়া, ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ গ্যাস বিক্রয়কেন্দ্রেই এলপি গ্যাসের সিলিন্ডার নেই। অনেক দোকানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে “গ্যাস নেই”।

সরবরাহ কম, ডিলার পর্যায়েই সংকট :

বিক্রেতারা জানান, কয়েক দিন ধরে ডিলার পর্যায়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় তারা নতুন সিলিন্ডার পাচ্ছেন না। ফলে চাহিদা থাকলেও গ্যাস বিক্রি করতে পারছেন না অনেক খুচরা বিক্রেতা।

একজন দোকানদার বলেন, “আমরা চাইলেও গ্যাস দিতে পারছি না। ডিলার থেকেই গ্যাস আসছে না। কবে আসবে, সেটাও নিশ্চিত করে কেউ বলছে না।”

অতিরিক্ত দামে বিক্রি, ভুক্তভোগীদের অভিযোগ :

ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, আগে যেখানে সহজেই ১২ কেজি গ্যাসের সিলিন্ডার পাওয়া যেত, এখন সেখানে দিনের পর দিন খোঁজ করেও গ্যাস মিলছে না। আবার কোথাও পাওয়া গেলেও অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

মানিকগঞ্জ পৌর এলাকার গৃহিণী রোজিনা বেগম বলেন, “গ্যাস না থাকায় রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম। বাধ্য হয়ে কাঠ-চুলা বা বিকল্প উপায়ে রান্না করতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ।”

সদর উপজেলার বাসিন্দা লিটন খান বলেন, “বেশি দাম দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। পরিবার নিয়ে কীভাবে খাবারের ব্যবস্থা করবো—এটাই এখন বড় চিন্তা।”

কবে কাটবে সংকট-নেই স্পষ্ট উত্তর :

গ্যাস বিক্রেতা বুলবুল আহমেদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোম্পানি পর্যায়ে সরবরাহ ঘাটতি এবং চাহিদার তুলনায় কম বরাদ্দের কারণেই এই সংকট তৈরি হয়েছে। তবে সংকট কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে সংশ্লিষ্টরা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

প্রশাসনিক নজরদারির অভাব :

এদিকে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ থাকলেও বাজারে প্রশাসনের কার্যকর তদারকি চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি—দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, বাজার মনিটরিং জোরদার করা, নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা

স্থানীয়দের আশঙ্কা, এই সংকট দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।

  • January 18, 2026
  • 0 Comments
মানিকগঞ্জ-৩ আসনে অচেনা প্রার্থী নিয়ে ‘হযবরল’ পরিস্থিতি, প্রার্থী পরিবর্তনের দাবিতে ফুঁসছে তৃণমূল

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া–মানিকগঞ্জ সদর) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র অসন্তোষ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা শাহ মোহাম্মদ সাঈদ নূরকে প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় এক নজিরবিহীন ‘হযবরল’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রার্থী ঘোষণার পরপরই জোটের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। চায়ের দোকান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক আড্ডায় এখন একটাই আলোচনা—
“যাকে ভোটারই চেনে না, তিনি কীভাবে ভোট চাইবেন?”
স্থানীয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জোটের নেতাকর্মীরা বর্তমান প্রার্থী নিয়ে প্রকাশ্য অসন্তোষ প্রকাশ করছেন। অনেক জায়গায় নির্বাচনী কার্যক্রমে নেতাকর্মীদের অনীহা দেখা যাচ্ছে, যা জোটের জন্য উদ্বেগজনক সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় ভোটারদের ভাষ্য অনুযায়ী, শাহ মোহাম্মদ সাঈদ নূর একজন সম্মানিত আলেম হলেও রাজনৈতিক অঙ্গনে তিনি প্রায় অপরিচিত। দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত না থাকায় তাঁর প্রতি সাধারণ ভোটারদের আস্থা গড়ে ওঠেনি।
একজন ভোটার বলেন, “উনি ভালো মানুষ হতে পারেন, কিন্তু আমরা তাঁকে রাজনীতিতে কখনো দেখিনি। হঠাৎ ভোট চাইতে এলে মানুষ কেন তাঁকে বিশ্বাস করবে?”
তৃণমূলের নেতাকর্মীদের দাবি, একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে এমন অচেনা ও মাঠবিচ্ছিন্ন প্রার্থী মনোনয়ন দেওয়া জোটের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় নেতা বলেন, “যাকে জনগণই চেনে না, তাকে মনোনয়ন দেওয়া মানে আসনটি প্রতিপক্ষকে উপহার দেওয়া।”
বর্তমান পরিস্থিতিতে স্থানীয় জনতা ও ১০ দলীয় জোটের মাঠপর্যায়ের নেতাকর্মীরা প্রার্থী পরিবর্তনের জোর দাবি তুলেছেন। তাঁদের মতে, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলোয়ার হোসাইন এই আসনে জোটের সবচেয়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য মুখ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাওলানা দেলোয়ার হোসাইন মানিকগঞ্জ-৩ আসনে সুপরিচিত একটি নাম। তাঁর রয়েছে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচনের আলোচিত ভোটব্যাংক, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলে ব্যাপক গ্রহণযোগ্যতা।
এলাকায় পরিচালিত একাধিক জনমত জরিপে দেখা গেছে, শাহ মোহাম্মদ সাঈদ নূরের পরিচিতি ভোটারদের মধ্যে প্রায় শূন্যের কোঠায়। বিপরীতে মাওলানা দেলোয়ার হোসাইন ভোটারদের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য হিসেবে এগিয়ে রয়েছেন।
মাঠপর্যায়ের কর্মীরা জানান, মাওলানা দেলোয়ার হোসাইন নিয়মিত গ্রাম থেকে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। তাঁর এই ডোর-টু-ডোর প্রচারণা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এ বিষয়ে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পর্যায়ে এই ক্ষোভ দ্রুত আমলে না নিলে প্রকাশ্য বিদ্রোহ ও সাংগঠনিক দুর্বলতার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তাঁদের মতে, মানিকগঞ্জ-৩ আসনে এবারের নির্বাচন হতে পারে ত্রিমুখী বা চতুর্মুখী। সঠিক প্রার্থী নির্ধারণে ব্যর্থ হলে ১০ দলীয় জোট এই আসনে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

  • January 18, 2026
  • 0 Comments
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতার প্রার্থীতা বহাল, অভিযোগ খারিজ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :

মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া–মানিকগঞ্জ সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার প্রার্থীতা বহাল রেখেছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ। তাঁর বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ ভিত্তিহীন ও প্রমাণহীন উল্লেখ করে খারিজ করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের আপিল বিভাগের শুনানি শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আফরোজা খানম রিতার সামনে থাকা সব আইনগত জটিলতার অবসান ঘটলো।

নির্বাচন কমিশনের রায়ে বলা হয়, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আতা কর্তৃক উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে অভিযোগটি সম্পূর্ণরূপে খারিজ করা হয়।

এর আগে আতাউর রহমান আতা অভিযোগ করেন, আফরোজা খানম রিতার মনোনয়ন ও প্রার্থীতা সংক্রান্ত বিষয়ে নির্বাচন আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘন হয়েছে। তবে দীর্ঘ শুনানি ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সেই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আফরোজা খানম রিতা নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

  • January 16, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে সরিষার ফলন ও মধু সংগ্রহ কম হওয়ার আশঙ্কা, কৃষক ও মৌচাষিরা দুশ্চিন্তায়

বর্ষার পরিপ্রেক্ষিতে এবছর মানিকগঞ্জ জেলায় সরিষা চাষ ও সরিষার ফুল থেকে মধু সংগ্রহে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা কৃষক ও মৌচাষিদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

সরিষা চাষী ও মৌখালি সূত্রে জানা গেছে, শীতকালে বিরূপ আবহাওয়া ও ঘন কুয়াশা সরিষার ফুল থেকে দরকারি পরাগায়নের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে, যার ফলে ফলন কম হতে পারে বলে কৃষকরা ধারণা করছেন। স্থানীয় কৃষক জানান, ফুল পর্যাপ্ত থাকার পরও পরাগায়নের কার্যকর অংশের অভাবে ফলন ও মধু সংগ্রহ কমে যেতে পারে। ফসলের ফলন কম হলে সরিষার বীজ সংগ্রহে ও মূল্যমানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে মৌচাষিরা বলছেন, গত বছর মতো মধু সংগ্রহ এইবার হচ্ছে না। মৌমাছিরা শীতের কঠোর আবহাওয়ার কারণে ফুলে তেমন সক্রিয় হচ্ছেনা, যার ফলে মধু উৎপাদন কম হতে পারে বলে শঙ্কা বৃদ্ধি পেয়েছে। এতে সরিষার মধুর পরিমাণও সীমিত হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

স্থানীয়বাসী ও কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, যদি শিগগিরই আবহাওয়া সহায়ক না হয়, তাহলে সরিষার ফলন ২৫-৩০% পর্যন্ত কমে যেতে পারে এবং মধুর উৎপাদনও আশানুরূপ হবে না।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কৃষি বিভাগ ও মৌচাষি সংগঠনের সহায়তায় পরাগায়ন বৃদ্ধির কার্যক্রম ও সরিষার যত্ন নেওয়া জরুরি, যাতে ফলন ও মধু সংগ্রহে ক্ষতি কমানো যায়।

  • January 13, 2026
  • 0 Comments
হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধুকে ধর্ষণ: দুই আনসার সদস্য কারাগারে

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নেওয়া এক গৃহবধুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় তারা অভিযোগ অস্বীকার করলেও বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।

মঙ্গলবার জবানবন্দি গ্রহণ শেষে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক সজীব চৌধুরী অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার রাতে নির্যাতিত গৃহবধুর (১৬) মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে কর্মরত আনসার সদস্য—আবু সাঈদ (২৫), কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন (২৯), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে এক দম্পতি আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে মানিকগঞ্জ শহরে পৌঁছালে তাদের ব্যাটারিচালিত অটোভ্যানের চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নেন।

রাত আনুমানিক ৩টার দিকে দায়িত্বরত আনসার সদস্যরা তাদের স্বামী-স্ত্রী পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদের কথা বলে স্বামীকে নিচে রেখে গৃহবধুকে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।

সোমবার ভোরে টহল পুলিশের সহায়তায় বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বে থাকা সব আনসার সদস্যকে ডেকে আনে। এ সময় ভুক্তভোগী গৃহবধু দুই অভিযুক্তকে শনাক্ত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার দায় স্বীকার করলেও পরে আদালতে তা অস্বীকার করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, “ভুক্তভোগী সুস্থ হলে আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

  • January 13, 2026
  • 0 Comments
শিবালয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অভিযান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কে যাত্রী নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উথলী সংযোগ মোড়ে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম

অভিযানকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত গতিসীমা অমান্য এবং বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে দুইটি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় শিবালয় থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে মোবাইল কোর্টকে সহযোগিতা করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতেই এ অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • January 13, 2026
  • 0 Comments
মানিকগঞ্জে চাঞ্চল্যকর হত্যার রহস্য উন্মোচন, আলামতসহ গ্রেপ্তার ১

মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ তদন্ত, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
নিহত কাজল রেখা (৩৭) মানিকগঞ্জ সদর উপজেলার পোল্লী এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল খায়ের ও মৃত নূরজাহান বেগমের কন্যা এবং মো. আলমগীর হোসেনের স্ত্রী।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১০ জানুয়ারি রাতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় সন্দেহ তৈরি হয়। পরদিন রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ভেতরে কাজল রেখার নিথর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। প্রযুক্তিনির্ভর অনুসন্ধান, গোপন তথ্য ও সোর্স বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়।

১৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শিবালয় থানার দক্ষিণ শালজানা এলাকা থেকে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

আসামির ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগীর সঙ্গে তার আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। পাওনা টাকার চাপ ও বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে।

আসামির দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্য