• August 27, 2025
  • 0 Comments
দৌলতপুরে অবৈধ বাল্কহেডে কঠোর অভিযান, জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুরে নদী ভাঙন রোধ ও জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আবু ডাংগা ও রামচন্দ্রপুর নদীপথে পরিচালিত অভিযানে নিষিদ্ধ ৬টি বালুবাহী বাল্কহেড জব্দ করা হয়।

অভিযানে অংশ নেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন। তিনি জানান, নদী দিয়ে বাল্কহেড চলাচল কঠোরভাবে নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে বালু পরিবহন অব্যাহত রেখেছিল মালিক-চালকরা। এর ফলে নদীপাড় ভাঙনের তীব্রতা বেড়ে শত শত পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং সরকারি আশ্রয়ণ প্রকল্প চরম ঝুঁকির মুখে পড়েছে।

অভিযানে আটক হওয়া বাল্কহেডগুলো হলো— হোসাইন মাহমুদ, নিউ সোনার বাংলা-১, নূরে জান্নাত-৬, হাসিবুল হাসবি ভান্ডারী, জান্নাতুল রাতুল-১ ও আলিফা আফরিদ-১। প্রতিটি বাল্কহেডের মালিককে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দীর্ঘদিন ধরে স্থানীয়রা অবৈধ বাল্কহেড বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

  • August 27, 2025
  • 0 Comments
কৃষিতে মধ্যভোগীদের নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, কৃষিতে মধ্যভোগীদের নিয়ন্ত্রণ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বুধবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে ধল্লার মেদুলিয়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে মেদুলিয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে মিনি কোল্ড স্টোরেজের চাবি হস্তান্তর করার পর স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আরও বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় সারাদেশে ১০০টি ফারমারস মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করা হচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, মধ্যভোগীরা কৃষি সিন্ডিকেট করে বড় বড় বিল্ডিং এর মালিক হচ্ছেন। আমার কৃষকরা কুড়ে ঘরেই থাকতে হচ্ছে। ফারমারস মিনি কোল্ড স্টোরেজ কেবল ফসল সংরক্ষণ নয়, বরং কৃষি অর্থনীতিতে স্থিতিশীলতা আনার এক যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ প্রকল্পকে আরও সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের হাতে প্রযুক্তি পৌঁছে। আপনাদের মানিকগঞ্জে গাজর, শীতকালিন সবজি বেশী উৎপাদন হয়। এই ব্যবস্থায় কৃষক, ভোক্তার সরাসরি উপকৃত হবেন। এ মিনি কোল্ড স্টোরেজে পরে আরও বাড়ানো হবে। প্রয়োজনে কৃষকরা নিজেরাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন অল্প খরচে। আমারা কৃষকদের কারিগরি সহায়তা দিব।

নকল বীজের ব্যাপারে তিনি আরো বলেন, নির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্বে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এর আগে তিনি কৃষকদের সরাসরি প্রশ্ন শোনেন, এতে খাল বে-দখল, বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন অভিযোগ শুনেন এবং তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক, মো. ছাইফুল আলম, মানিকগঞ্জ জেলা প্রশাসক, ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালাক ড. রবীআহ নুর আহমেদসহ প্রায় তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

  • August 27, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে শিশু বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াকান্দি জামিয়া ইসলামিয়া উলুম মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে।
গত রবিবার রাতে মাদ্রাসায় ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন শিক্ষক মোহাম্মদ উল্লাহ। অভিযোগের ভিত্তিতে শিশুর পরিবার মামলা দায়ের করলে শিবালয় থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
আজ সকালে ভুক্তভোগী শিশুর পরিবারসহ এলাকাবাসী মানববন্ধন করেন।
এসময় তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
পুলিশ জানিয়েছে, আটক শিক্ষক মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • August 27, 2025
  • 0 Comments
বাবার সামনেই চোখ তোলার ভিডিও ভাইরাল, নেপথ্যে যা জানা গেলো

বরিশালের মুলাদী উপজেলায় গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইতে গিয়ে দুই ভাইয়ের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন রিপন ব্যাপারী (৩৬) নামের এক যুবক। বাবার সামনেই তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুলাদী থানার এসআই মাসুদ।
ঘটনাটি ঘটে গত শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে। তবে বিষয়টি এলাকায় জানাজানি হয় পরদিন শনিবার রাতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর। বর্তমানে গুরুতর আহত রিপন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্তরা হলেন— ভুক্তভোগীর মেজ ভাই রোকন ব্যাপারী ও ছোট ভাই স্বপন ব্যাপারী। ঘটনার পর তারা পলাতক।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। রিপন দাবি করে আসছিলেন যে, তিনি প্রায় ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণ মেজ ভাই রোকনের কাছে গচ্ছিত রেখেছিলেন। টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বিরোধ শুরু হয় এবং এ নিয়ে এলাকায় একাধিক সালিস বৈঠক হলেও সমাধান হয়নি।
শুক্রবার রাতে বাবার উপস্থিতিতে ফের ঝগড়া বাঁধে। এ সময় বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং চোখ উৎপাটনের নির্দেশ দেন। বাবার নির্দেশে রোকন ও স্বপন মিলে রিপনের দুই চোখ তুলে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।
রিপনের ছেলে আব্দুর রহমান বলেন, আমার বাবার গচ্ছিত টাকা আর স্বর্ণ আত্মসাৎ করার জন্যই চাচারা বাবাকে অন্ধ করে দিয়েছে। আগেও তারা বাবাকে মারধর করেছে, এবার চোখই তুলে নিল।
বড় ভাই খোকন ব্যাপারী জানান, বাবার সামনেই এই ঘটনা ঘটেছে। বাবা নির্দেশ না দিলে রোকন আর স্বপন এতটা করতে পারত না।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিপনের বিরুদ্ধেও ঢাকায় রমনা থানায় চুরি-ছিনতাইয়ের ৮টি মামলা এবং মুলাদী থানায় হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
এ বিষয়ে মুলাদী থানার এসআই মাসুদ বলেন, ঘটনাটির পর অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে।

  • August 27, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিবির নেতাদের অনুপ্রেরণামূলক বার্তা

মানিকগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ বুধবার (২৭ আগষ্ট) শহরের মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীত মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। তিনি বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ নয়, বরং চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাহবুবুর রহমান।
প্রায় ৫ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীরা সম্মাননা স্মারক ও শুভেচ্ছা গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নেতৃবৃন্দ শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • August 26, 2025
  • 0 Comments
শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।

২৫ বিচারপতি হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান ও মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ–এ–মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

এর আগে সোমবার রাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দেয় সরকার।

  • August 26, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার

মানিকগঞ্জ সদর থানার মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ মামুন আহমেদ ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছেন। গতকাল গভীর রাতে সদর উপজেলার বাড়াই ভিকরা আবাবিল স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মামুন এলাকার প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি ইয়াবা কারবার নিয়ন্ত্রণ করতেন। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

  • August 26, 2025
  • 0 Comments
মানিকগঞ্জ–মুন্সিগঞ্জে সংসদীয় আসন পুনর্বহালের দাবি তীব্র হচ্ছে

মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধিরা সংসদীয় আসন পুনর্বহালের জোরালো দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা অঞ্চলের দাবি–আপত্তির শুনানিতে এ দাবি ওঠে।
মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন,“২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জে চারটি আসন ছিল। কিন্তু ২০০৮ সালের নির্বাচন থেকে একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনা হয়। এতে সংসদে মানিকগঞ্জের জনগণের কণ্ঠস্বর ক্ষীণ হয়েছে। উন্নয়ন বাজেট ও বরাদ্দও অনেক কমে গেছে। আমরা যৌক্তিকভাবে চার আসনের দাবি তুলেছি।”

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন,“আমি রাজনৈতিক পরিচয়ে নয়, সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে এখানে এসেছি। মানিকগঞ্জের প্রতিটি স্তরের মানুষ তাদের পূর্বের চারটি আসন ফেরত চায়। এটি এখন জনগণের দাবি।”

অন্যদিকে মুন্সিগঞ্জের নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়ক জানান,
“মুন্সিগঞ্জেও আগে চারটি আসন ছিল। বর্তমানে তিনটিতে সীমিত করা হয়েছে। আমাদের দাবি, পুনরায় চার আসন করা হোক। একইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বসহ উপস্থাপন করেছি।”

এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শুনানিতে অংশ নেন মানিকগঞ্জ–১, ২, ৩; মুন্সিগঞ্জ–১, ২, ৩; গাজীপুর–১, ২, ৬; নরসিংদী–৩, ৪, ৫; নারায়ণগঞ্জ–৩, ৪, ৫ আসনের প্রতিনিধিরা। আর বিকেলে অনুষ্ঠিত হয় ঢাকা জেলার বিভিন্ন আসনের শুনানি।

প্রতিনিধিদের দাবি, জনসংখ্যা ও এলাকার ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করে সংসদীয় আসনের সংখ্যা পুনর্বহাল করা হলে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে।

  • August 26, 2025
  • 0 Comments
বিদেশি পর্যটকদের জন্য থাইল্যান্ডে ফ্লাইটের টিকিট ফ্রি

পর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইট’ বা বিদেশি ফ্লাইট কিনে বিনা মূল্যে নিন, থাইল্যান্ডের অভ্যন্তরীণ ফ্লাইট। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পর্যটকদের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর বাইরে অন্য গন্তব্য গুলোতেও ভ্রমণে উৎসাহিত করা।

এই অফারের আওতায়, আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটধারী বিদেশি পর্যটকেরা একটি বিনা মূল্যে অভ্যন্তরীণ রাউন্ড-ট্রিপ বিমান টিকিট পাবেন, যেখানে ২০ কেজি পর্যন্ত মালামাল বহনের সুযোগ থাকবে। এই পরিষেবা ছয়টি থাই বিমান সংস্থা—থাই এয়ারওয়েজ, থাই এয়ার এশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েটজেটে পাওয়া যাবে। এই অফারটি পর্যটকেরা সরাসরি এয়ারলাইনস বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট বুক করার সময় পাবেন।

মন্ত্রণালয় এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় বাজেট থেকে ৭০০ মিলিয়ন বাথ বরাদ্দ চেয়েছে। তাদের প্রত্যাশা, এই ৭০০ মিলিয়ন বাথ বিনিয়োগ করে তারা ৮.৮ বিলিয়ন বাথ রাজস্ব আয় করতে পারবে। এই কর্মসূচি আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী চলবে। সরকার প্রতিটি একমুখী টিকিটের জন্য ১ হাজার ৭৫০ বাথ ও প্রতিটি রাউন্ড-ট্রিপ টিকিটের জন্য ৩ হাজার ৫০০ বাথ ভর্তুকি দেবে।

  • August 26, 2025
  • 0 Comments
পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে ভারতের নতুন নীতি

পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে ভারতের নতুন নীতি

রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে। তবে ভবিষ্যতে পাকিস্তানের বিপক্ষে কোথায় খেলবে বা খেলবে না, সে বিষয়ে আজ একটি বিবৃতি দিয়েছি ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন নীতি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করবে না ভারত। পাকিস্তান সফরেও যাবে না তারা। তবে ভারতীয় অ্যাথলেট কিংবা খেলোয়াড়েরা বহুজাতীয় টুর্নামেন্ট কিংবা ইভেন্টে পাকিস্তান থাকলেও অংশ নেবে। পাকিস্তানের খেলোয়াড় কিংবা ক্রীড়াবিদেরা ভারতে আয়োজিত যেকোনো বহুজাতীয় টুর্নামেন্ট কিংবা ইভেন্টে অংশ নিতে পারবেন। তবে পাকিস্তানে আয়োজিত বহুজাতীয় টুর্নামেন্ট কিংবা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদেরা অংশ নিতে পারবেন কি না, সে ব্যাপারে পরিষ্কার করেনি ভারতীয় সরকার।

ক্রিকেটের বড় টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে এসেছে হাইব্রিড মডেল। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ হাইব্রিড পদ্ধতিতে খেলেছে দুবাইয়ে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে হাইব্রিড মডেলেই। ২০২৫ এশিয়া কাপ অবশ্য হাইব্রিড মডেলে করতে হচ্ছে না, আরব আমিরাতে খেলা হওয়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে যাচ্ছে মরুতে। তবে ২০২৭ পর্যন্ত ভারত-পাকিস্তানের অংশগ্রহণে আয়োজিত সব টুর্নামেন্টই হবে হাইব্রিড মডেলে।

দ্বন্দ্বের জেরে গত ১৩ বছর ভারত-পাকিস্তান ক্রিকেট দল কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। আইসিসি ও এসিসির ইভেন্টেই শুধু দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

অন্যান্য