• August 25, 2025
  • 0 Comments
স্পাইডারম্যান সেজে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক, বড় জরিমানা করল পুলিশ

ভারতে স্পাইডারম্যানের পোশাক পরে মোটরসাইকেল চালাতে গিয়ে বড় বিপাকে পড়েছেন এক যুবক। হেলমেট ছাড়া দ্রুতগতিতে বাইক চালানো এবং স্টান্ট করার অভিযোগে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় পুলিশ।
গত বুধবার (২০ আগস্ট) ওড়িশা রাজ্যের রাউরকেলায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত যুবক স্পাইডারম্যানের পোশাক পরে স্থানীয় ব্যস্ততম একটি সড়কে অতিরিক্ত গতিতে বাইক চালাচ্ছিলেন। এ সময় মাঝরাস্তায় স্টান্ট করছিলেন তিনি। এতে যানচলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে যুবকটির মোটরসাইকেলে বসানো সাইলেন্সার থেকে বিস্ফোরণের মতো শব্দ বের হচ্ছিল বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ঘটনা নজরে আসতেই ট্রাফিক পুলিশ ওই যুবকের মোটরসাইকেল জব্দ করে।
স্পাইডারম্যান সেজে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক, বড় জরিমানা করল পুলিশ
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতি, স্টান্ট এবং পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারের অভিযোগে যুবককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সূত্র : দ্য ওয়াল

  • August 25, 2025
  • 0 Comments
ইরান কখনও মার্কিন বশ্যতা মানবে না : আয়াতুল্লাহ আলি খামেনি

ইরান কখনও মার্কিন বশ্যতা মানবে না দাবি করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের বর্তমান অচলাবস্থা এড়ানো সম্ভব ছিল না। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে রবিবার (২৪ আগস্ট) প্রকাশিত সংবাদের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খামেনি বলেছেন, তারা চায়, ইরান যেন আমেরিকার বাধ্য থাকে। এ ধরনের ভ্রান্ত ধারণা পোষণকারীদের বিরুদ্ধে ইরানি জাতি তাদের সব শক্তি নিয়ে রুখে দাঁড়াবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের বিরোধের মধ্যেই হুঁশিয়ারি বক্তব্য প্রদান করলেন সর্বোচ্চ নেতা। এর মাত্র দু-দিন আগে শুক্রবার, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের রাশ টেনে ধরার জন্য সমঝোতা আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছিলেন ইউরোপীয় ও ইরানি প্রতিনিধিরা।

পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের দফায় দফায় দীর্ঘদিন আলোচনা হলেও কোনও সমঝোতা সম্ভব হয়নি। তবে গত জুনে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে আলোচনা স্থগিত রেখেছে তেহরানের শাসকগোষ্ঠী।

খামেনি বলেছেন, যারা যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য দিতে আমাদের মানা করে আর মার্কিনিদের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ দেয়, তারা কেবল বাইরের অবস্থাটাই দেখে। (কিন্তু এভাবে) চলমান ইস্যু সমাধানযোগ্য নয়।

তেহরান আলোচনার টেবিলে ফিরতে অস্বীকৃতি জানালে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ বিধির আওতায় আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের সঙ্গে পশ্চিমাদের সম্পাদিত পারমাণবিক চুক্তির একটি ধারা হচ্ছে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’। এটি অনুযায়ী, কোনও ভোট গ্রহণ ছাড়াই প্রয়োজনে তাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনরায় জারি করার সুযোগ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দাবি, পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে যাচ্ছে ইরান। তবে এর জবাবে তেহরান সবসময় দাবি করে এসেছে, শান্তিপূর্ণ খাতে (যেমন বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক কাজ) ব্যবহার করাই তাদের পারমাণবিক কর্মসূচির একমাত্র উদ্দেশ্য।

  • August 25, 2025
  • 0 Comments
সাটুরিয়া উপজেলার গোলড়া পশ্চিম পাড়ায় তরুণদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া পশ্চিম পাড়ার জিন্নাহ আলীর বাড়ির সামনের রাস্তাটি বর্ষা মৌসুমে সবসময় কাদা আর জমে থাকা পানির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। বহুদিন ধরে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হলেও কোনো উদ্যোগ না আসায় অবশেষে এগিয়ে এসেছেন এলাকার তরুণরা।

একঝাঁক তরুণ ও যুবক মিলে নিজেরাই রাস্তার সংস্কারের উদ্যোগ নিয়েছেন। বিনা স্বার্থে তারা কাদা সরিয়ে অস্থায়ীভাবে সংস্কার করছেন পথটি, যেন স্থানীয় মানুষ কিছুটা হলেও স্বস্তিতে চলাচল করতে পারে। স্থানীয়রা বলছেন, এই উদ্যোগে তরুণরা প্রমাণ করেছেন—ভালো কাজে একসাথে হলে অনেক অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।

গ্রামের প্রবীণরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পথটি সংস্কারের দাবিতে বারবার আবেদন করা হলেও সাড়া মেলেনি। কিন্তু তরুণরা নিজ উদ্যোগে হাত লাগানোয় এলাকায় সামাজিক বন্ধন আরও শক্তিশালী হচ্ছে। শিশু, শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী যান—সবাই সাময়িক স্বস্তি পাচ্ছেন।

তরুণদের উদ্যোগ এখানেই থেমে নেই। আগামী শুক্রবার পূর্ণাঙ্গ সংস্কারের কাজ করার পরিকল্পনা নিয়েছেন তারা। এজন্য তারা সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন। স্থানীয়ভাবে অর্থ, শ্রম ও সহযোগিতা মিলিয়ে এবার বড় পরিসরে রাস্তা সংস্কার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এলাকার মানুষের ভাষায়—“এরা বিনা স্বার্থে সবসময় এগিয়ে আসে। ভালো কাজের জন্যই এই যুবকদের ওপর ভরসা করা যায়।”
তরুণদের জন্য সবার পক্ষ থেকে রইল শুভকামনা, যেন ভবিষ্যতেও তারা সমাজ ও এলাকার পাশে এভাবেই থেকে যায়।

  • August 25, 2025
  • 0 Comments
“গাজিখালি নদীর ভাঙা ব্রিজে আটকে দশ গ্রামের স্বপ্ন, পাঁচ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ”

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গাজিখালি নদীর ওপর একটি ভাঙা ব্রিজের কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের অন্তত দশ গ্রামের মানুষ। পাঁচ বছরেও কাজের অগ্রগতি নেই।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে ভাঙা ব্রিজটির জায়গায় নতুন সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা ও জরিপ কাজ সম্পন্ন করা হয়। কিন্তু সেই থেকে আজ অবধি কোনো কাজ শুরু হয়নি। ফলে গ্রামবাসীর স্বপ্নের ব্রিজ এখনো কাগজেই সীমাবদ্ধ।
ব্রিজ ভাঙার কারণে ওই এলাকার মানুষকে প্রতিদিন নদী পারাপারে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও কৃষকদের কষ্ট সবচেয়ে বেশি। গাজিখালি নদী পাড়ি দিতে হয় নৌকা বা বিকল্প পথে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। বর্ষাকালে এ দুর্ভোগ আরও তীব্র হয়ে ওঠে।
কৃষকরা ফসল বাজারজাত করতে হিমশিম খাচ্ছেন। একইভাবে জরুরি সময়ে রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যাতায়াতের সুবিধা না থাকায় গ্রামে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “আমরা বারবার শুনেছি ব্রিজ হবে, কিন্তু পাঁচ বছরেও কাজ শুরু হয়নি। বাচ্চাদের স্কুলে নিতে হলে আমাদের কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়া সবচেয়ে কষ্টের।”

শিক্ষার্থী তানিয়া আক্তার জানায়, “ব্রিজ না থাকায় বর্ষায় স্কুলে যেতে আমাদের ভয় লাগে। নৌকা ডুবে গেলে কী হবে এই আতঙ্ক নিয়ে প্রতিদিন যাতায়াত করি।”
অভিযোগ রয়েছে, বারবার আশ্বাস দেওয়া হলেও ব্রিজ নির্মাণের কার্যক্রম শুরু হয়নি। এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ে ব্রিজের নির্মাণকাজ শুরু করতে হবে, নইলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

  • August 25, 2025
  • 0 Comments
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার ২২ শিক্ষার্থীকে হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে।

তবে হিজাব নয়, ওড়না পরে আসার কারণে ওই শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার।

রোববার (২৪ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির ২০ থেকে ২২ জন শিক্ষার্থী হিজাব পরে আসেন। ওই অবস্থায় সব ক্লাসে তারা উপস্থিত থাকলেও কোনো শিক্ষকই তাদের হিজাব নিয়ে কোনো আপত্তি করেননি। কিন্তু শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন। এসময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও জানান অভিভাবকরা।

জানতে চাইলে একাধিক অভিভাবক কালবেলাকে জানান, বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণির তাদের মেয়েরা অধ্যয়ন করছেন। প্রতিদিনের মতো এদিনও তারা হিজাব পরে ক্লাসে গিয়েছেন। পরে বাসায় ফিরে তারা জানান, হিজাব পরার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে এ জন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। এমনকি হিজাব পড়ায় তাদের জঙ্গির মতো এমন মন্তব্য করার অভিযোগও করেন একজন অভিভাবক।

বিষয়টি জানতে চাইলে শিক্ষক ফজিলাতুন নাহার কালবেলাকে বলেন, আমাদের স্কুলের একটা ড্রেস কোড আছে। এখানে কেউ পর্দা করতে হলে সাদা স্কার্ফ পরে আসতে হবে। কিন্তু অনেকেই ওড়না পরে এসেছে। এ জন্য তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে।

অন্য ক্লাসের শিক্ষকরা এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও আপনি কেন নিলেন, জানতে চাইলে তিনি বলেন, অন্য শিক্ষকরা কী করল, সেটা তাদের বিষয়। কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী যারা আসবে না, তাদের তো আমাদেরই শেখানোর দায়িত্ব। আমি তাদের শেখানোর জন্যই এই কাজ করেছি।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম কালবেলাকে বলেন, আমি বসুন্ধরা শাখাপ্রধানের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় তদন্ত কমিটি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

  • August 24, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ডিবির অভিযানে দুই ডাকাত গ্রেফতার, দুইটি প্রাইভেটকার জব্দ

মানিকগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে নাটকীয় অভিযানে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার গভীর রাতে (রাত দেড়টার দিকে) পৌরসভার সিদ্দিকনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,খুলনার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে হাসান শেখ (২৮),বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার খাইরখালী গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে নাসির মোল্লা ওরফে নাহিদুজ্জামান নাসির

তারা দুজনেই দীর্ঘদিন ধরে ঢাকার কেরানীগঞ্জে ভাড়া বাসা নিয়ে অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মানিকগঞ্জের একাধিক আলোচিত ডাকাতির ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্ত করার পর তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুইটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আমান উল্লাহ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখযোগ্য ডাকাতি ঘটনাগুলো: ২১ আগস্ট ভোরে পৌরসভার শিববাড়ি এলাকায় সাবেক কাস্টমস কর্মকর্তার বাড়ি, ১৭ আগস্ট সিংগাইরের তালেবপুরে একটি গরুর খামার

১৩ আগস্ট পৌরসভার নয়াকান্দিতে সাবেক কাউন্সিলরের খামার, ৬ আগস্ট সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বাড়ি

  • August 24, 2025
  • 0 Comments
ধর্ষণ মামলায় কারাবন্দি মান্নানকে নিরপরাধ দাবি করে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় কারাবন্দি আব্দুল মান্নানকে নিরপরাধ দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

রবিবার (২৪ আগস্ট) বিকেলে জেলার শিবালয় উপজেলার ভুক্তভোগীর নিজ গ্রাম আরুয়ায় এই মানববন্ধন করেন তারা। এ সময় এই ধর্ষণের ঘটনার পুনঃ তদন্ত ও আব্দুল মান্নানের মুক্তি চাওয়া হয়। গ্রামের শত-শত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে আগতরা জানান, ২০০৩ সালে এই ধর্ষণ মামলার ঘটনা। এ মামলায় রাজনৈতিক হস্তক্ষেপে এলাকার সাধারণ কৃষক আব্দুল মান্নানকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে। এই ঘটনার পর দীর্ঘ প্রায় ২ যুগ কেটে গেছে। বছর দুয়েক ধরে নিরপরাধ ব্যক্তি কারাবন্দি হয়ে জীবন পার করছে। আব্দুল মান্নান একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষ। তিনি এই কাজের সাথে জড়িত নন। আমরা চাই এ ঘটনার পুনঃ তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি। 

মানববন্ধনে আব্দুল মান্নানের স্ত্রী রানী বেগম, মেয়ে রিনা আক্তার সাথী, বেপারীপাড়া জামে মসজিদের সাবেক ইমাম মোহাম্মদ নবীন মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য ও ব্যবসায়ী মো. রাশেদ আলী, ব্যবসায়ী রেজাউল করিম রঞ্জু, ওয়ার্ড যুবদলের সভাপতি আসলাম শেখ, সমাজপতি আব্দুল হালিম বেপারী, খবীর গাজী, শাহজাহান প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আব্দুল মান্নানের মেয়ে রিনা আক্তার সাথী বলেন, মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে আমার বাবাকে মামলায় জড়ানো হয়েছে। ২০০৩ সালের হওয়া মামলা আমার বাবা একদিনো বাড়ির বাইরে থাকেনি। পালিয়ে ফেরারি জীবনযাপন করেনি। এলাকার সকল মানুষ তার সাক্ষী। আমরা এ ঘটনার সঠিক তদন্ত চাই। এবং আমার নিরপরাধ বাবার মুক্তি চাই। 

৭০ ঊর্ধ্ব বয়সী এলাকার সমাজপতি আব্দুল হালিম বেপারী বলেন, আমরা আজ এখানে একটাই দাবি নিয়ে দাঁড়িয়েছি- আমাদের গ্রাম আরুয়ার নিরপরাধ মানুষ আব্দুল মান্নানের মুক্তি। দীর্ঘ প্রায় দুই যুগ আগে মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। তিনি একজন সাধারণ কৃষক, একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষ। যে মানুষ নিজের সংসারের খোঁজ রাখতেই হিমশিম খায়, সে কি করে এমন ভয়াবহ অপরাধে জড়িত থাকতে পারে?

তিনি আরো বলেন, আমরা গ্রামের মানুষ তাকে চিনি, তার সততা চিনি। তবুও আজ তিনি কারাগারে দিন কাটাচ্ছেন, নির্দোষ হয়েও। এটা শুধু মান্নানের নয়, পুরো গ্রামবাসীর বেদনা। তার স্ত্রী, তার মেয়ে তারা আজ অসহায়। সংসারের অভাব-অনটন, মানুষের তিরস্কার সবকিছু একা বয়ে বেড়াচ্ছেন তারা।

ব্যবসায়ী ও ওয়ার্ড যুবদলের সভাপতি আসলাম শেখ বলেন, আমরা দাবি জানাই- এই মামলার পুনঃতদন্ত হোক। সত্য উদঘাটিত হোক। যে বা যারা ষড়যন্ত্র করে নিরপরাধ মানুষকে জেলে পাঠিয়েছে, তাদের বিচার হোক। আমরা চাই না আর কোনো মান্নান মিথ্যা মামলার শিকার হোক।

  • August 23, 2025
  • 0 Comments
কুকুর কামড়ালে তাৎক্ষণিক করণীয়

আপনার সচেতনতায় বাঁচতে পারে একটি জীবন!
রাস্তা-ঘাটে বা হঠাৎ পরিস্থিতিতে কুকুরের কামড় একটি ভয়াবহ দুর্ঘটনা হয়ে উঠতে পারে। শুধু যন্ত্রণাই নয়, কুকুরের কামড় থেকে জলাতঙ্ক (Rabies) হওয়ার ঝুঁকি থাকে। রেবিস ভাইরাস স্নায়ুতে পৌঁছে মস্তিষ্কে প্রদাহ, পানির ভয়, আলো-শব্দ সহ্য না করা সহ মারাত্মক সমস্যার সৃষ্টি করে। তাই দেরি নয়—কামড়ানোর পরপরই সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি।

কী করবেন তাৎক্ষণিক

ক্ষত ধোয়া – প্রথমে পরিষ্কার কাপড় দিয়ে রক্ত থামানোর চেষ্টা করুন। এরপর সাবান ও প্রচুর পানি দিয়ে ক্ষতস্থান ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলুন। (অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা ভালো)।
রক্ত বন্ধ করা – পরিষ্কার কাপড় বা গজ দিয়ে চেপে ধরুন।
অ্যান্টিবায়োটিক ব্যবহার – ক্ষতস্থানে অ্যান্টিবায়োটিক ক্রিম/অয়েন্টমেন্ট লাগিয়ে গজ কাপড় দিয়ে ঢেকে ফেলুন।
ডাক্তারের কাছে যান – প্রাথমিক চিকিৎসার পর দ্রুত হাসপাতালে যান এবং ডাক্তারের পরামর্শে র‌্যাবিস ভ্যাকসিন নিন। কামড়ের ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিন নেওয়া সবচেয়ে কার্যকর।
আতঙ্ক নয়, আস্থা দিন – রোগীকে ভরসা দিন যে সময়মতো চিকিৎসা নিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।

  • August 23, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে পিকআপ–ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসেটিয়া এলাকায় পিকআপ ভ্যান ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোতালেব (৪৫) নামে এক ভ্যানচালক প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসেটিয়া বড় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের শশীনারা গ্রামের বাসিন্দা।

বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিকেলে পিকআপ ভ্যান ও স্থানীয় ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোতালেব ছিটকে পড়ে পাশের খালে পড়ে যান। পরে পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে খোঁজাখুঁজি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • August 23, 2025
  • 0 Comments
মানিকগঞ্জে ডিবি পুলিশের তিন সদস্য প্রত্যাহার : মাদক বিক্রির অভিযোগে তোলপাড়

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :

পুলিশের (ডিবি) তিন সদস্যের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে মাদক বিক্রি ও অর্থ আত্মসাতের। তদন্তের মুখে পড়ে তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, এসআই আবুল হোসেন, এএসআই হারুনুর রশীদ, কনস্টেবল তাওহীদ

গত ১৬ আগস্ট বিকাল ৪:৩০ টায় ঢাকার ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় র‌্যাব-৪ এর হাতে ধরা পড়েন তারা। অভিযোগ— এক র‌্যাব সোর্সের কাছে মাদক বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এসআই আবুল হোসেন ও কনস্টেবল তাওহীদ। তবে আগে থেকেই আঁচ পেয়ে পালিয়ে যান এএসআই হারুনুর রশীদ এবং সেলফি পরিবহণের বাসে করে মানিকগঞ্জে ফিরে আসেন।

পরে আটক দুজনকে নবীনগরে র‌্যাব-৪ এর সিপিসি-২ কার্যালয়ে নেয়া হয়। পরে পুলিশ সুপার ও ডিবি ইনচার্জের তৎপরতায় ফেরত আনা হলেও তিনজনকেই সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হয়।

মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, “র‌্যাবের লিখিত অভিযোগের পরপরই তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

এর আগে গত ২৫ জুন সিংগাইরে অভিযানে হেরোইন-ইয়াবা গায়েব এবং সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সে সময় গণমাধ্যমেও বিষয়টি প্রকাশ হয়েছিল।

অন্যান্য