গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে ভবিষ্যতে আর হামলা চালাবে না ইসরায়েল—এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র। তিনি ভবিষ্যতে কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন।”

এর আগে, ৮ সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। লক্ষ্য ছিল কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা। মাত্র ১৫ মিনিটের এই অভিযানে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ৫ জনসহ মোট ৬ জন নিহত হন। তবে প্রাণে বেঁচে যান হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া ও অন্যান্য হাইকমান্ড সদস্যরা।

এই হামলার ঘটনায় বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে নিন্দা জানায়। হামলার পরদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেন, কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে দোহাকে সতর্কবার্তা পাঠানো হয়, যা মার্কিন সেনাঘাঁটি থেকেও পুনরায় জানানো হয়।

তবে ট্রাম্প পরে বলেন, “না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি যেভাবে হামলার খবর পেয়েছেন, আমিও সেভাবেই জেনেছি।”

সূত্র: আনাদোলু এজেন্সি