মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুজব প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার করাই ছিল এ সভার মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আয়োজিত সভায় সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেন, নির্বাচনকালীন সময়ে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক, যাচাইকৃত ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং বিভ্রান্তি রোধে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয়।

সভায় আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এসব অপতৎপরতা মোকাবিলায় গণমাধ্যমের পেশাগত নৈতিকতা বজায় রাখা এবং প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অপরিহার্য।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সাংবাদিকদের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও ঘিওর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার কার দিপু, ঘিওর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর প্রেসক্লাবের সাংবাদিক সোহেল রানা খন্দকার, মাই টিভির মহসিন খান হিরা, দৈনিক ইনকিলাবের আজিম মিয়া, দৈনিক যায়যায়দিনের শরিফুল ইসলাম, দৈনিক আলোকিত প্রতিদিনের স্টাফ রিপোর্টার সৈয়দ এনামুল হুদা, দৈনিক প্রতিদিনের কাগজের হানিফ মোল্লাসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সভায় অংশ নেওয়া সাংবাদিকরা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তাঁরা বলেন, সেনাবাহিনী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বজায় থাকলে নির্বাচনী সময়সহ যেকোনো পরিস্থিতিতে এলাকায় শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব।

সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের ভূমিকা, পেশাগত নৈতিকতা ও দায়িত্ব নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।