মানিকগঞ্জে সিনিয়র–জুনিয়র দ্বন্দ্ব রূপ নিলো ভয়াবহ ঘটনায়। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের নবম শ্রেণির ছাত্র রিদুয়ান আনসারী (১৬) কে লোহার রড, মোটরসাইকেলের চেইন ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রিদুয়ান চর বেউথা থেকে বাড়ি ফেরার পথে একই প্রতিষ্ঠানের ইংরেজি ভার্সনের ছাত্র সিয়াম মাহমুদ সাব্বিরসহ কয়েকজন তার উপর হামলা চালায়।
প্রথমে তাকে নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়, এরপর লোহার রড, চেইন ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি প্রহার করা হয়।এমনকি তার গলায় চেইন পেঁচিয়ে হত্যাচেষ্টা ও নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত রিদুয়ানকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর মা রেহেনা আক্তার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ১০–১৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন, সিয়াম মাহমুদ সাব্বির, ইয়াজুল ইসলাম প্রান্ত, আপন খান, নাফসিন আহম্মেদ, বিল্লাল হোসেন ।
মামলা করার পর রিদুয়ানের মা অভিযোগ করেন, সদর ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোমিন সাহেব মামলার তদন্তের নাম করে তার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন এবং মিমাংসার চেষ্টা চালান। তবে মোমিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, “মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
