নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন নাজমুন আরা সুলতানা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণের পরপরই তিনি জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্ববহ মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, “মানিকগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা নিশ্চিত করতে সকল দপ্তরের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”
দায়িত্ব নেয়ার আগে নাজমুন আরা সুলতানা খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিএলজি) হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থলে তিনি মানিকগঞ্জকে আরও এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে কর্মকর্তারা জানান—নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে মানিকগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতিতে এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

