মানিকগঞ্জ সদর উপজেলার বারাহীরচরের বিকেজি স্কুল মাঠে এক ব্যতিক্রমী উদ্যোগে অনুষ্ঠিত হলো সাইকেল বিতরণ অনুষ্ঠান। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে সাইজুদ্দিন এন্ড মিরজান ফাউন্ডেশন এর আয়োজনে এ বিশেষ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ফজরের নামাজ জামাতে আদায়কারী যুবকদের মাঝে সাইকেল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে নামাজের প্রতি অনুপ্রাণিত করা এবং ইসলামি মূল্যবোধে উজ্জীবিত করে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তারা বলেন,”যুব সমাজকে যদি মসজিদের সাথে যুক্ত করা যায়, তবে সমাজে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড কমে যাবে। এই ধরনের ইতিবাচক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
স্থানীয় এলাকাবাসী জানান, এই উদ্যোগে তরুণরা নামাজের প্রতি আগ্রহী হচ্ছে, পাশাপাশি খেলাধুলা ও সুস্থ জীবনধারায় মনোযোগী হচ্ছে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে একে একে সাইকেল তুলে দেন অতিথিরা এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরো বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

