মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিককে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ডিবির পূর্ব শাখা ও শিবালয় থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

ডিবি জানায়, বিশেষ তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অনিককে আদাবরের একটি বাসা থেকে আটকের পর জিজ্ঞাসাবাদে নেওয়া হয়। তিনি ঘোনাপাড়া এলাকার মৃত সাইফুর রহমান খান সুলতানের ছেলে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, চেয়ারম্যান অনিকের বিরুদ্ধে চলমান আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে তা এখনো প্রকাশ করেনি গোয়েন্দা সংস্থা।