মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ তদন্ত, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
নিহত কাজল রেখা (৩৭) মানিকগঞ্জ সদর উপজেলার পোল্লী এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল খায়ের ও মৃত নূরজাহান বেগমের কন্যা এবং মো. আলমগীর হোসেনের স্ত্রী।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১০ জানুয়ারি রাতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় সন্দেহ তৈরি হয়। পরদিন রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ভেতরে কাজল রেখার নিথর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। প্রযুক্তিনির্ভর অনুসন্ধান, গোপন তথ্য ও সোর্স বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়।

১৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শিবালয় থানার দক্ষিণ শালজানা এলাকা থেকে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

আসামির ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগীর সঙ্গে তার আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। পাওনা টাকার চাপ ও বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে।

আসামির দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।