নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা–মানরা চৌরাস্তায় অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভ আবারও লক্ষ্যবস্তু হলো নাশকতাকারীদের। শনিবার (৩০ নভেম্বর) গভীর রাত প্রায় তিনটার দিকে স্মৃতিস্তম্ভের সামনে রাখা দুটি টায়ারে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা, ফলে স্মৃতিস্তম্ভের বেশ কিছু অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতায় একটি কালো রঙের প্রাইভেটকার দ্রুত এসে স্মৃতিস্তম্ভের সামনে থামে। গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি পেট্রোল ঢেলে টায়ারে আগুন ধরায় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দ্রুত গাড়িতে উঠে সটকে পড়ে।
পরে নিকটস্থ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তারা।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব নাহিদ মনির বলেন, “জুলাই স্মৃতিকে অপমান ও বিকৃতভাবে উপস্থাপন করার এক সুস্পষ্ট প্রচেষ্টা এটি। আমরা এই জঘন্য নাশকতার তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার দাবি করছি।”
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তকরণ কাজ চলছে। কারা, কেন, কোন উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে—সবই খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
