মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অবমাননাকর কটূক্তি, খোদাদ্রোহী বাউল গোষ্ঠীর কথিত অপতৎপরতা, নৈরাজ্য এবং তৌহিদী জনতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে মানিকগঞ্জে আয়োজিত হচ্ছে বৃহত্তর “শানে তাওহীদ মহা-সম্মেলন”।
হেফাজতে ইসলাম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।

আসছে ৬ ডিসেম্বর, শনিবার, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বিজয় মেলা মাঠ) সকাল ১০ টা থেকে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন জেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান এবং প্রচার সম্পাদক মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ।

মহা-সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে, কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাজিদুর রহমান, পীর সাহেব মধুপুর মাওলানা আব্দুল হামিদ, আল্লামা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি আলী হাসান উসামা, মুফতি রেজাউল করীম আবরার।
সহ আরও বহু কেন্দ্রীয় আলেম।

আলোচিত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীও মহাসম্মেলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আমি ছোট মানুষ। আমার কোনো দল নেই। আমি আল্লাহর শান-মান রক্ষার জন্য লড়াই করতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া একা সম্ভব হবে না।”

মানিকগঞ্জের আলেম সমাজ ও তৌহিদী জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আশা করি, আপনারাও এক বিশাল অবস্থান কর্মসূচির মাধ্যমে মহান রবের সম্মানে দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়াবেন।”

উল্লেখ্য, এর আগে ২৯ নভেম্বর শনিবার সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হলেও বিভিন্ন “সঙ্গত কারণ” দেখিয়ে সেটিকে এক সপ্তাহ পিছিয়ে ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের একাধিক আনুষ্ঠানিক ফেসবুক পেজ থেকেও নতুন সময়সূচি নিশ্চিত করা হয়েছে।