মানিকগঞ্জ জেলায় ইউনিয়ন পরিষদের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার কারণে গড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত এবং দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনকে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।
উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়- নানাবিধ অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং চেয়ারম্যান মাসুদ রানার অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী হওয়ায় তাকে নিজ পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানা এর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রকল্পের অর্থ আত্মসাৎ, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকা, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অপরদিকে, বাচামারা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন এর বিরুদ্ধে চরকাটারী ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে থাকাকালে ৭৯৫টি জন্ম নিবন্ধন সনদ যাচাই ছাড়া অনলাইনে ইস্যু, দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।
আলমগীর হোসেন স্থায়ীভাবে চাকরিচ্যুত হয়েছেন। তিনি শুধু নিজের প্রদত্ত চাঁদা ও তার উপর প্রাপ্য সুদ পাবেন, তবে কোনো আনুতোষিক সুবিধা পাবেন না।
এ ঘটনায় সচেতন মহল মনে করছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এটি একটি শক্তিশালী পদক্ষেপ, যা ভবিষ্যতে অন্যদের জন্যও সতর্কবার্তা হয়ে থাকবে।
