মানিকগঞ্জে একদিনে তিনটি পৃথক ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আরেকজন কৃষক কীটনাশকের বিষক্রিয়ায় মারা গেছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

প্রথম দুর্ঘটনা: ঢাকা-আরিচা মহাসড়কে প্রাণ গেল অনিকের :

বিকেল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মীর তানভীর হোসেন অনিক (২৫)। নিহত অনিক উপজেলার নালী গ্রামের মীর শাহাদাৎ হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন বলে জানা গেছে।

দ্বিতীয় দুর্ঘটনা: জাগীর ব্রীজে ট্রাকের ধাক্কা :

এর দুই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া সাতটার দিকে সদর উপজেলার জাগীর ব্রীজ এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী মারুফ (৩০)। তিনি সদর উপজেলার গিলন্ড গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জের বিসিক শিল্প এলাকায় অনিক ট্রিমস প্রিন্টিং প্রেসের কর্মী ছিলেন। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এসময় তার মোটরসাইকেলে থাকা সঙ্গী রুবেল গুরুতর আহত হন।

বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু :

অন্যদিকে দুপুরে সদর উপজেলার পাচ বারইল গ্রামে কৃষিজমিতে কীটনাশক প্রয়োগের সময় অসুস্থ হয়ে পড়েন কৃষক আব্দুল বারেক (৫০)। বিষক্রিয়ার কারণে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি মারা যান। মৃত বারেক ওই গ্রামের মুল্লুক চানের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, “দুটি সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও কাভার্ডভ্যান জব্দের চেষ্টা চলছে, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
অন্যদিকে সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, “কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে