বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন,“আমাদের বাংলাদেশের ইতিহাস হলো শত বছরের সম্প্রীতির ইতিহাস। এই সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমরা বিভিন্ন মন্দিরে গিয়ে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছি। পাহাড়ী হিন্দু-বৌদ্ধ-মুসলমান সবাই মিলে আমরা বাংলাদেশী, সবাই মিলে দুর্নীতিমুক্ত, সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।”
বুধবার (১ অক্টোবর) বিকেলে হরিরামপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “মানিকগঞ্জের প্রতিটি পূজা মন্ডপ শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি সব রাজনৈতিক দলের কর্মীরাই কাজ করছে।”
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামের মানিকগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, ওলামা বিভাগের সম্পাদক মাওলানা জাকিরুল ইসলাম খান, সদর থানার সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, লেছড়াগঞ্জ সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি ডা. সুশান্ত সাহা প্রমুখ।
পরে তিনি হরিরামপুর উপজেলার লাউতা বাজার মন্দির, বলড়া মন্দির ও লেছড়াগঞ্জের রতন সাহার বাড়ি পূজামন্ডপসহ একাধিক মন্ডপ পরিদর্শন করেন।
